
১৩তম রমজানে কুমিল্লার লালমাইয়ে এতিম অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করলেন শিল্পপতি কামাল হোসেন
মোহাম্মদ আনোয়ার হোসেন
পবিত্র রমজান মাসের ১৩তম দিনে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দঃ ইউনিয়নে অবস্থিত বরল এতিমখানায় এতিম ও অসহায় শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ বাগমারা পূর্ব অশ্বত্থতলার কৃতি সন্তান মোঃ কামাল হোসেন।
রবিবার বিকেলে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং সবার সঙ্গে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, এতিম শিশুদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাদেরকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই সবার দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা। ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান সমাজের বিভিন্ন মানবিক কার্যক্রমে মোঃ কামাল হোসেনের সম্পৃক্ততা প্রশংসনীয়। তার এ উদ্যোগ এতিম শিশুদের মাঝে আনন্দ ও উৎসাহ জাগিয়েছে।