
লালমাইয়ে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি বসতঘর,পরিদর্শনে ইউএনও
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ এপ্রিল) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হাতিলোটা গ্রামের হৈয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতায় হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে লালমাই উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র মজুমদার ক্ষতিগ্রস্তদের মাঝে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।