লালমাইয়ে ফিলিং স্টেশন তদারকিতে ইউএনও, তেল মজুদ ও সরবরাহ কার্যক্রম পর্যালোচনা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু উপজেলার সারা ফিলিং স্টেশন ও ফয়েজগঞ্জ ফিলিং স্টেশন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট স্টেশনগুলোর তেল মজুদ, বিক্রয় প্রক্রিয়া এবং সরবরাহ ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ইউএনও স্টেশন কর্তৃপক্ষকে নির্ধারিত নিয়মনীতি মেনে জ্বালানি তেল বিক্রয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু জানান, “ভোক্তাদের ভোগান্তি কমাতে এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় থাকবে এবং অনিয়ম কমবে বলে তারা আশা করছেন।