লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দিবসের মূল আয়োজন হিসেবে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপস্থিত অতিথিরা। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাইফুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।