লালমাইয়ে স্বাধীনতা দিবসে লালমাই ডায়াবেটিক এসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান লালমাই ডায়াবেটিক এসোসিয়েশন এর আয়োজনে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
লালমাই ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই ডায়াবেটিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এডভোকেট আজগর আলী খান আকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা জয়নাল আবেদীন। এছাড়া আরও উপস্থিত ছিলেন লালমাই ডায়াবেটিক সমিতির সেক্রেটারি এডভোকেট ফরহাদ উদ্দিন, নির্বাহী সদস্য ওয়াসিউর রহমান ও বশির আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থেকে লালমাই ডায়াবেটিক হাসপাতাল ইতোমধ্যে আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে লালমাই উপজেলাকে একটি মডেল উপজেলায় উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।
স্থানীয়রা জানান, লালমাই ডায়াবেটিক হাসপাতাল ধীরে ধীরে এ অঞ্চলের সাধারণ মানুষের নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।