মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
লালমাইয়ে ভাষা শহীদদের প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার শ্রদ্ধাঞ্জলি
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখা। এ উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
২১ ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা লালমাই উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খান মোঃ রুবেল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। তাদের এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান শহীদ দিবসের চেতনা ধারণ করে দেশের গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।