
লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রশিক্ষণের উদ্বোধন
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য সামাজিক আচরণ পরিবর্তন যোগাযোগ (SBCC) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫–২০২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের মডিউল ০১, ০২ ও ০৩ বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার (৫ মার্চ) সকাল ১১টায় বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লালমাই এর আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সীমা আচার্য্য এবং পরিবার কল্যাণ সহকারী লুৎফুন্নাহার মজুমদার (স্বপ্না)।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু প্রথম বারের মতো ইউনিয়ন পরিষদে আগমন উপলক্ষে পরিষদের পক্ষ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রশিক্ষণে মোট ৫০ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে মা ও শিশুর পুষ্টি, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণগত পরিবর্তন নিশ্চিত করার বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম মা ও শিশুর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সচেতন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।