
লালমাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির সহধর্মিণীও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোবাশ্বের আলম ভূঁইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। এই ধারাবাহিকতা বজায় রেখে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। তিনি শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। এটি আগামী দিনেও তাদের শিক্ষাজীবনে বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান। এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধিত শিক্ষার্থীদের উপহার সামগ্রী সৌজন্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ‘রেক্স ফ্যাশন’-এর কর্ণধার মো. কোরবান আলী। অনুষ্ঠান শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতী শিক্ষার্থীরা আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকার ব্যক্ত করেন।