
আছিয়া আক্তার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০০ শিক্ষার্থী
লালমাই, বরুড়া ও লাকসামের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণ
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাইয়ে আছিয়া আক্তার ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় লালমাই উপজেলার কাপাশতলায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মিশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে লালমাই, বরুড়া ও লাকসাম উপজেলার ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আছিয়া আক্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আছিয়া আক্তার, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সভাপতি মো. উসমান গনী মজুমদার, মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেন, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন লালমাই উপজেলা শাখার সদস্য ও প্রেমনল আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মো. ইকরাম।
এ সময় অতিথিরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের অংশগ্রহণ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক সূত্রে জানা যায়, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এ সময় আছিয়া আক্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আছিয়া আক্তার সবার কাছে দোয়া কামনা করে বলেন, শিক্ষার প্রসারে কাজ করার পাশাপাশি সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে যেন সবসময় দাঁড়াতে পারেন, সে জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।
আছিয়া আক্তার ফাউন্ডেশনের এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।