
লালমাইয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার দিলেন এনসিপি নেতারা
ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি প্রতিষ্ঠাসহ ছয় অঙ্গীকার গাজী হুমায়ুন কবিরের
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র উপহার কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গাজী হুমায়ুন কবির, যুগ্ম সমন্বয়কারী আবুল কাসেম রিপনসহ জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কর্মসূচিতে গাজী হুমায়ুন কবির বলেন, প্রতিনিধি হিসেবে তাঁর অঙ্গীকার হলো—ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা, নারী-পুরুষের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জমিজমাসংক্রান্ত বিরোধের ন্যায্য সমাধান এবং প্রতিহিংসার রাজনীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করা। পাশাপাশি যুবসমাজকে রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় পরিচয় কিংবা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।