
লালমাইয়ে ৫টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া
মন্দিরের উন্নয়নে আরও অনুদান দেওয়ার আশ্বাস, নিরাপত্তা জোরদারের কথা পুলিশের
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার নাওড়া সূত্রধরপাড়া মন্দিরসহ পাঁচটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও সিডিএসের চেয়ারম্যান আফসানা ভূঁইয়া।
পরিদর্শনকালে মণ্ডপ কমিটির সদস্য ও স্থানীয় ভক্তরা ফুল দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানান। পরে সংসদ সদস্য বাগমারা সিদ্ধেশ্বরী কালী মন্দির, আলীশ্বর মন্দির, জগৎপুর মন্দির ও উত্তর পেরুল মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
পূজামণ্ডপ পরিদর্শন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘লালমাই ও নাঙ্গলকোট—এই দুই উপজেলা নিয়েই আমার নির্বাচনী এলাকা। নির্বাচনের আগে আপনাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছি। আশা করছি, এবার কাঙ্ক্ষিত উন্নয়নও করতে পারব। সরকারের কাছ থেকে বরাদ্দ হিসেবে যা নিয়ে আসব, তার পুরোটাই আপনাদের মধ্যে সমবণ্টন করে দেব।
তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ভাইদের সঙ্গে আমার পথচলা। তাঁরা আমার ভাই, আমার বন্ধু। আপনাদের সংসদ সদস্য হিসেবে কথা দিচ্ছি, অতীতের মতো আগামীতেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব। মন্দিরগুলোর সার্বিক উন্নয়নে আগামী দিনে আরও বেশি অনুদান ও বরাদ্দ দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস বলেন, দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমন উপলক্ষে উপজেলার প্রতিটি পূজামণ্ডপ তিনি নিজে ঘুরে দেখেছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, উপজেলার ১৭টি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে পুলিশকে জানালে তাৎক্ষণিক সেবা দেওয়া হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবের আহম্মেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে, বেলা ১২টার দিকে উপজেলার সৈয়দপুর সড়কের পাশে তালগাছের বীজ বপন করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
লালমাই উপজেলায় এ বছর ১৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।