
লালমাইয়ে বাগমারা দঃ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুব ইসলাম শরীফের ঘোষণা
মোহাম্মদ আনোয়ার হোসেন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী মোঃ মাহবুব ইসলাম শরীফ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টায় ইউনিয়নের বাগমারা পূর্ব অশ্বত্থতলা গ্রামের বাগমারা দারুল হিকমাহ ইসলামিক একাডেমি সংলগ্ন মাঠে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় তিনি এই প্রার্থিতা ঘোষণা দেন।
অনুষ্ঠানে গ্রামের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং আসন্ন নির্বাচনে মাহবুব ইসলাম শরীফের পাশে থেকে সার্বিক সমর্থনের প্রতিশ্রুতি দেন।
বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী আশ্রাফের সভাপতিত্বে এবং মোঃ কাউসার আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মাহবুব ইসলাম শরীফ। তিনি তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচনকে কোনো ব্যক্তি বা প্রতিপক্ষের লড়াই হিসেবে দেখছি না এবং কেউ প্রার্থী হলো কি হলো না তা নিয়ে চিন্তিত নই। আমার এই নির্বাচন সরাসরি দুর্নীতি, অন্যায় ও মাদকের বিরুদ্ধে। আপনারা সাধারণ জনগণ আমার পাশে থাকলে মহান রাব্বুল আলামিন আমাকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবেন, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি মোঃ বাহার উদ্দিন, মোঃ জয়নাল আবেদীন,মোঃ হানিফ সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা মাহবুব ইসলাম শরীফের সার্বিক সততা ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তাকে বিজয়ী করার সংকল্প ব্যক্ত করেন।