
লালমাইয়ে প্রথমবার ১৭ পূজামণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী, পুরস্কৃত ১৭ মণ্ডপ
ব্যতিক্রমী আয়োজন, ঐতিহ্য সংরক্ষণ ও সুশৃঙ্খল পূজা উদযাপনে ছয় মণ্ডপকে বিশেষ সম্মাননা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় প্রথমবারের মতো ১৭টি দুর্গাপূজা মণ্ডপের দায়িত্বশীলদের নিয়ে শারদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপূজায় ব্যতিক্রমী আয়োজন, সৃজনশীলতা, ঐতিহ্য সংরক্ষণ, শৃঙ্খলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়টি মণ্ডপ ও সংগঠনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে দুর্গাপূজা উদযাপন করায় উপজেলার সব মণ্ডপের দায়িত্বশীলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ শারদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ধান দিয়ে ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা নির্মাণ, উদ্ভাবনী উদ্যোগ এবং গণমাধ্যমে লালমাইয়ের ইতিবাচক পরিচিতি তুলে ধরায় গৌর নিতাই সেবাশ্রম পূজামণ্ডপ বিশেষ স্বীকৃতি লাভ করে। ৭৩ বছরের প্রাচীন পূজার ঐতিহ্য সংরক্ষণ ও নান্দনিক আলোকসজ্জার জন্য পশ্চিম পেরুল বিশালাক্ষী দুর্গামণ্ডপ এবং ব্যতিক্রমী তোরণ, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাপন ও সংস্কৃতির আদলে প্রতিমাশিল্প এবং থিম প্রদর্শনীর জন্য বাউল গোসাই আশ্রম পূজামণ্ডপ পুরস্কৃত হয়।
এ ছাড়া সার্বিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য আলীশ্বর সিদ্ধেশ্বরী কালীবাড়ি পূজামণ্ডপ, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের আপ্যায়নে বিশেষ অবদানের জন্য তুলাতুলী অগ্নিবীণা সংঘ এবং ধর্মীয় শিশু নৃত্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ পশ্চিম অশ্বত্থতলা রক্ষা কালীবাড়ি মণ্ডপকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পুলিন ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মানিক মজুমদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শম্ভু রায়, রতন কুমার আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাসসহ উপজেলার ১৭টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লালমাই উপজেলা প্রতিষ্ঠার পর এবারই প্রথম দুর্গাপূজা পরবর্তী শারদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ আয়োজন বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।
তাঁরা আরও বলেন, এ বছর লালমাই উপজেলায় অতীতের তুলনায় অত্যন্ত আনন্দমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁরা ভবিষ্যতেও ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশ বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ অবদান রাখা ছয়টি মণ্ডপ ও সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি উপজেলার ১৭টি পূজামণ্ডপের দায়িত্বশীলদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।