
লালমাইয়ে চলমান উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র চমকপ্রদ পরিদর্শন
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলায় সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির কাজের গুণগত মান নিশ্চিতে সরেজমিনে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন। নিয়মিত তদারকির অংশ হিসেবে পেরুল দক্ষিণ ইউনিয়নে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাস্তবায়নাধীন একাধিক উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশ।
পরিদর্শনকালে প্রকল্পের কাজের মান, অগ্রগতি এবং সঠিক নিয়ম মেনে বাস্তবায়িত হচ্ছে কিনা—তা বারংবার খতিয়ে দেখেন ইউএনও। কাজের মান যেন কোনোভাবেই ব্যাহত না হয় এবং বরাদ্দকৃত সরকারি অর্থের শতভাগ সঠিক ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের কড়া নির্দেশনা প্রদান করেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশ বলেন, “সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। কাজের মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি প্রকল্পেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের এই ঝটিকা পরিদর্শন অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিন্টু চন্দ্র মজুমদার। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমান্য ব্যক্তিরাও সঙ্গে ছিলেন। পিআইও জানান, স্বচ্ছতা বজায় রেখে গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে মাঠ পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এদিকে প্রশাসনের এমন নিয়মিত ও কঠোর তদারকিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপে উন্নয়ন কাজগুলোর স্থায়িত্ব ও স্বচ্ছতা আরও বাড়বে।