
লালমাইয়ে ‘বীর নিবাস’ নির্মাণকাজ পরিদর্শন করলেন ইউএনও সুব্রত বিশ্বাস দাশ
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মাণাধীন ‘বীর নিবাস’ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাশ।
অদ্য সোমবার (২০ জুলাই) দুপুরে বাগমারা উত্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে চলমান বীর নিবাস প্রকল্পের পরিদর্শনের অংশ হিসেবে সরেজমিনে নির্মাণকাজ ঘুরে দেখেন তিনি। প্রকল্পের নির্মাণকাজ সঠিকভাবে ও গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাশ বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত এই প্রকল্প সরকারের একটি বিশেষ অগ্রাধিকারমূলক উদ্যোগ। কাজের মানে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না। নির্ধারিত সময় ও মান বজায় রেখে শতভাগ স্বচ্ছতার সঙ্গে এসব ঘর নির্মাণ সম্পন্ন করতে হবে।
এ সময় বীর নিবাস প্রকল্পের সার্বিক কার্যক্রম ও কাজের অগ্রগতি তদারকিতে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিন্টু চন্দ্র মজুমদার।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পের সার্বিক চিত্র পর্যালোচনা করেন, নির্মাণ সামগ্রীর গুণগত মান পরীক্ষা করেন এবং উপকারভোগী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে কাজের অগ্রগতি সম্পর্কিত খোঁজখবর নেন।