
লালমাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় ৯নং বাকই উত্তর ইউনিয়নের নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাননীয় রেঞ্জ ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের নির্দেশক্রমে এবং পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে আয়োজিত মাদকবিরোধী কর্মসূচির অংশ হিসেবে লালমাই থানা এ র্যালি ও সমাবেশের আয়োজন করে।
মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সহকারী পুলিশ সুপার, সদর দক্ষিণ সার্কেল, কুমিল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, লালমাই থানা, কুমিল্লা।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি পুলিশিংয়ের ০৯নং বাকই উত্তর ইউনিয়নের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। র্যালি ও সমাবেশে সর্বস্তরের জনগনের উপস্থিতি ছিল।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মাদক ব্যবসা, মাদক পাচার ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না; এর প্রভাব পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও পড়ে। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত সকলে মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে মাদকবিরোধী র্যালি ও সমাবেশের কার্যক্রম শেষ হয়।