
বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ: সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাগমারা দারুল হিকমা ইসলামিক একাডেমির আয়োজনে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান এবং এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। বিশিষ্ট আলেমে দ্বীন ও মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতী আবু নাঈম শাকেরীর সুচারু পরিচালনায় অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা। জানা যায়, উক্ত পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ৬ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল গ্রেডে এবং সাধারণ গ্রেডসহ মোট ১৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করার গৌরব অর্জন করেছে। কৃতি এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মুফতী আবু নাঈম শাকেরী। বক্তারা বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার এই সুষম সমন্বয় আগামী দিনে একটি নৈতিকতাসম্পন্ন মেধাবী প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।