
লালমাইয়ে জামিরা মহিলা দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাই উপজেলার জামিরা মহিলা দাখিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদ্রাসার শিক্ষকদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে জামিরা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস। তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ উপদেশমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার সদ্য বিদায়ী সভাপতি ও লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য এনামুল হক মজুমদার এবং বিশিষ্ট ব্যবসায়ী শাহীন মজুমদার। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই ভালো ফলাফলের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আরও এগিয়ে গিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের সাফল্যে অবদান রাখায় মাদ্রাসার শিক্ষকদেরও সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া লালমাই উপজেলার মধ্যে পরপর সর্বোচ্চ ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাদ্রাসার সদ্য বিদায়ী দুইবারের সাবেক সভাপতি ড. শাহজাহান মজুমদারকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন ইউএনও সুব্রত বিশ্বাস দাস।