
সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখার লেনদেন স্বাভাবিক, স্বস্তি প্রকাশ গ্রাহকদের
মোহাম্মদ আনোয়ার হোসেন
আনুষ্ঠানিক উদ্বোধনের পর গত ২ সেপ্টেম্বর থেকে দরখাস্ত গ্রহণ শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক (ফার্স্ট সিকিউরিটি ইউনিট) বাগমারা শাখা। সরকারের নির্দেশনা অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকটিতে লেনদেন শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আজ ৮ সেপ্টেম্বর মঙ্গলবার ব্যাংকটির বাগমারা শাখা ব্যবস্থাপক মো. আবদুল মমিন চৌধুরী জানান, তাদের বাগমারা শাখার লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে, আলহামদুলিল্লাহ। বিশেষ করে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি আরও জানান, তাদের শাখায় রেমিট্যান্স লেনদেনও সম্পূর্ণ স্বাভাবিক ও নির্বিঘ্ন রয়েছে, কোনো ধরণের সমস্যা নেই।
ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। এ সময় এক গ্রাহক আনন্দ প্রকাশ করে বলেন, “আমি আজকে একসঙ্গে ১৭ লাখ টাকা উঠাইছি। আমরা ব্যাংকের বিপদের সময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”
দীর্ঘদিন পর শরিয়াহভিত্তিক এই আধুনিক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে চলায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।