
লালমাইয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, প্রবাসী রাশেদকে নির্যাতনের অভিযোগ
বিল্লাল হোসেন ও নুর হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
লালমাই প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা কানিয়া পুকুরপাড় এলাকায় মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার ও মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্রসমাজ।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বাগমারা কানিয়া পুকুরপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত বিল্লাল হোসেন ও নুর হোসেনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রবাসী রাশেদকে মাদক ব্যবসায়ীদের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্রামের সর্দার ইউনুছ মিয়া, কানিয়া পুকুরপাড় জামে মসজিদের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সহসভাপতি খোকন মজুমদার ও সাধারণ সম্পাদক মনির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রামের মুরুব্বি মোঃ তালেব আলী, রায়হান, রাসেদ, হেলাল, রাফি, মোহাম্মদ আলী, সাইফুল, রিফন, জাহিদ, মারুফ, তোফায়েল, ফারুক, হাফেজ, মানু, জামাল, রাব্বি ও শান্তসহ স্থানীয় এলাকাবাসী ও ছাত্রসমাজের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তি বা একটি পরিবারকে নয়, বরং পুরো সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এলাকায় মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট অপরাধ বন্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কানিয়া পুকুরপাড় এলাকাকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, কোনো নিরপরাধ মানুষ যেন মাদক ব্যবসায়ীদের দ্বারা হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানো প্রয়োজন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে।