
লালমাইয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, “স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালে আমাদের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম দিয়েছিলেন। ২০০৮ সালে আমি একজন কনটাক্টরের আন্ডারে নির্বাচন করেছিলাম। ২০২৬ সালের ১২ তারিখে আপনারা আমাকে সরাসরি ভোট দিয়েছেন। আমি এখন ৬ লাখ মানুষের এমপি। বিএনপি আমার পৈতৃক সম্পত্তি নয়, আগামী ৫৪ মাসের জন্য বিএনপি আমার নিকট আমানত। আজকেও স্লোগান শুনতেছি মোবাশ্বের ভূঁইয়ার দালালেরা হুশিয়ার-সাবধান। তারা কিন্তু রাতের বেলায় আবার ফোন করে বলে ভাই মাফ করে দেন। নিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা গর্ব করে বলবেন মোবাশ্বের ভূঁইয়ার দালাল হলেও আমরা, ভাই হলেও আমরা, কর্মী হলেও আমরা। কুমিল্লা-৬ এর এমপি, কুমিল্লা-১০ এ বৈধ নয়৷ খেলতে পারবেন খেলা হবে। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করিনা। উপজেলা বিএনপির কমিটি আমাকে মানুক বা না মানুক আমার কিছু যায়-আসে না। মোবাশ্বের ভূঁইয়া রাজনীতি করতে কমিটি লাগে না।
মনিরুল হক চৌধুরীর সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমার আর মনির ভাইয়ের সম্পর্ক দুধে আর চিনিতে। রাজনৈতিক মাঠে আমরা এক ভাই আরেক ভাইকে গুতাইলেও সংসদে দেখা হলে পা ধরে সালাম করি। কারণ, উনি আমার মুরুব্বি আর তোমরা আমাদের এই খেলাতে ধরা খেয়েছো। ভাই কিন্তু তোমাদেরকে বলির পাঠা বানিয়ে ফেলেছে। দয়া করে ফেসবুকে সুরসুরি দিবেন না৷ ”
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লালমাই উপজেলা বিএনপির উদ্যোগে সংগঠনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, বিএনপি নেতা এডভোকেট বেলাল হোসাইন, উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ আলম, সদস্য সচিব মাহফুজুর রহমান, বাগমারা উত্তর বিএনপির সভাপতি ডালিম, বিএনপি নেতা আছলাম মজুমদার, বিএনপি নেতা আলী আশ্রাফ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান, ভূলইন দক্ষিণ বিএনপির সভাপতি হাফেজ বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ, ভূলইন উত্তর বিএনপি নেতা সফিকুর রহমান, পেরুল উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, জেলা যুবদলের সদস্য এনাম মজুমদার, সদস্য মানিক মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলম, ফরহাদ উদ্দিন, সদস্য কাজী মেহেদী-সহ অনেকে।