
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর সাফল্য
মোহাম্মদ আনোয়ার হোসেন
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে বাগমারা উচ্চ বিদ্যালয়-এর মেধাবী শিক্ষার্থী মো: আরিফুল ইসলাম তানভির। তার এই কৃতিত্বে বিদ্যালয় পরিবার, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
জানা যায়, কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলস্বরূপ সে এই সাফল্য অর্জন করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ তার এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়; বরং পুরো প্রতিষ্ঠানের গৌরব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব দেবে।
এদিকে আরিফুল ইসলাম তানভির তার সাফল্যের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিবছর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।