
লালমাইয়ে সফল মৎস্যচাষীদের সম্মাননা স্মারক প্রদান
মোহাম্মদ আনোয়ার হোসেন
রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ —এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লালমাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখায় উপজেলার কৃতী ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, দেশের পুষ্টি ও আমিষের চাহিদা পূরণ এবং অর্থনৈতিক চাকা সচল রাখতে মৎস্যচাষীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। লালমাই উপজেলায় মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে চাষীদের উদ্বুদ্ধ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা ও সহযোগিতা অব্যাহত থাকবে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলার সফল মৎস্যচাষীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।