
কুমিল্লার উন্নয়নে সব আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকবে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’: লালমাইয়ে নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার সার্বিক উন্নয়ন ও অধিকার আদায়ের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। তাঁরা বলেছেন, কুমিল্লার স্বার্থরক্ষায় এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও যেকোনো আন্দোলন-সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করবে।
১৭ আগস্ট সোমবার বিকেল ৫টায় লালমাই উপজেলা বিএনপির কার্যালয়, বাগমারা দক্ষিণ বাজারে ‘কুমিল্লা বাঁচাও মঞ্চ’ লালমাই উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
লালমাই উপজেলা শাখার আহ্বায়ক মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. বাহারুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুল মোতালেব মজুমদার বলেন, কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন ও নায্য অধিকার নিশ্চিত করার স্বার্থে আমরা সর্বদা সকল আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবো। সাধারণ মানুষের দাবি আদায়ে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী মীর পিন্টু, কুমিল্লা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক চৌধুরী সুমন এবং মোসা. ইয়াসমীন রীমা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে লালমাই উপজেলার অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে নেতাকর্মীদের মাঝে ফরম বিতরণ করা হয়। স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।