
লালমাই উপজেলার প্রবাসীর সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগ ভাই ও ভাবির বিরুদ্ধে: দেশে ফিরে চরম বিপাকে ১৯ বছরের প্রবাসী
মোহাম্মদ আনোয়ার হোসেন
কুমিল্লার লালমাইয়ে প্রবাসের দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ, সম্পত্তি আত্মসাৎ এবং নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে আপন ভাই ও ভাবির বিরুদ্ধে। জীবনের শেষ সম্বলটুকু রক্ষা এবং নিরাপত্তার আকুতি জানিয়ে সৌদি আরব প্রবাসী শাহজাহান লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন—উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের খিলপাড়া গ্রামের মো. মোতালেব হোসেন (৪৬) ও তার স্ত্রী তানিয়া আক্তার (৩২)।
থানায় দায়েরকৃত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাদী শাহজাহান দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে সৌদি আরবের রিয়াদে সততার সাথে ব্যবসা করে আসছেন। সেখানে তিনি ও তার ভাইয়েরা যৌথভাবে ব্যবসা পরিচালনা করেন। গত বছর (০১/০২/২০২৫ তারিখে) জরুরি পারিবারিক ও আর্থিক প্রয়োজনে তিনি ছুটিতে দেশে আসেন। দেশে এসে নিজের ক্রয়কৃত জমি বিক্রি করতে চাইলে ১নং বিবাদী মোতালেব হোসেন বিদেশ থেকে বাধা দেন এবং বিভিন্ন অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
পরবর্তীতে পারিবারিক ও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা বাদীর সাথে বৈরিতা শুরু করে। অভিযোগে বলা হয়, প্রবাসীর প্রায় সাড়ে ৪০ লাখ টাকা মূল্যের একটি গাড়ি জোরপূর্বক নিয়ে গিয়ে তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং ভুক্তভোগীকে বিভিন্ন মিথ্যা মামলার মুখে ঠেলে দেওয়া হয়েছে। যার ফলে গত ৮ মাসে তার প্রায় ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে।
এছাড়া প্রবাসীর ইকামার নবায়ন ও ছুটি বাড়ানোর কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েও অভিযুক্তরা কোনো কাজ করেনি। বর্তমানে ভিসার মেয়াদ ও ছুটির জটিলতার কারণে তিনি বিদেশে কর্মস্থলে ফিরতে পারছেন না। এ বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।